Logo
প্রিন্টের তারিখ: 13 October 2026 | প্রকাশের তারিখ: Oct 14, 2026

সংবাদ শিরোনাম : কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর ( লক্ষ্মীপুর ) প্রতিনিধি: উপজেলা পর্যায়ে সার্বিক স্বাস্থ্যসেবার মান পর্যবেক্ষণ ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম।


​পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহিঃবিভাগ (ওপিডি), মহিলা ও পুরুষ ওয়ার্ড, প্রসূতি সেবা কেন্দ্র এবং ল্যাবরেটরি বিভাগ সরেজমিনে ঘুরে দেখেন। এসময় তিনি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার মান নিয়ে সরাসরি তাদের সাথে কথা বলেন।


​পরিদর্শন শেষে সিভিল সার্জন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সেবিকা (নার্স) ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, "হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনোভাবেই ভোগান্তির শিকার না হন। সরকারের লক্ষ্য প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, আর তা বাস্তবায়নে আমাদের সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।"


​তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা, জরুরি সেবা নিরবচ্ছিন্ন রাখা এবং হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যাপারে কঠোর নির্দেশনা প্রদান করেন।


​এসময় কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মীর মোহাম্মদ আমিনুল ইসলাম মঞ্জু, এমওডিসি ডা. সোহেল রানাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


​পরিদর্শন শেষে সিভিল সার্জন হাসপাতালের সার্বিক সেবামূলক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ shamprotikshawdesh.com
Design & Develop by: Creative Soft Bangladesh
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF